ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে বিএনপির প্রার্থীর পক্ষে ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগে ছয়জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—আবদুল হামিদ (৭৫), মো. তানভীর (৪২), গোলাম রাব্বী (২৩), মেহেদী হাসান (৪০), মো. শামসুদ্দিন (৭৪) ও গোলাম শহীদ (৫০)। এ সময় তাদের কাছ থেকে ছয়টি মোবাইল, ২৫ হাজার টাকা, হিসাবের খাতা এবং একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
এর আগে সোমবার মধ্যরাতে ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বগাজান নামক এলাকায় তাদের আটক করে সাজা দেওয়া হয়।
সূত্র জানায়, সোমবার মধ্যরাতে রাতে উপজেলার বগাজান এলাকায় শীষের প্রার্থী ফখরউদ্দিন আহমেদের পক্ষে এসব টাকা বিতরণ করা হচ্ছে—এমন সংবাদে সেনাবাহিনীর টহল দল সাতজনকে আটক করে। সেখানে ৩০ জনের একটি দল থাকলেও অন্যরা পালিয়ে যান।
জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম কাউসার জামান বলেন, আটক ব্যক্তিরা ধানের শীষের প্রার্থীর পক্ষে টাকা বিতরণের কথা স্বীকার করেন। আটক সাতজনের মধ্যে ছয়জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তার মায়ের জিম্মায় দেওয়া হয়েছে।
ভালুকা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেন বলেন, ধানের শীষের প্রার্থীর পক্ষে টাকা বিতরণের সময় আটক করা ছয়জনকে সাজা দেওয়া হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি হিসাবের খাতাও জব্দ করা হয়েছে। এতে কোন মহল্লায় কবে, কত টাকা বিতরণ করা হয়েছে বা করা হবে, তার হিসাবের তথ্য আছে।


