ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে দল থেকে বহিষ্কৃত বিএনপির বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নেওয়ায় ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের তিন নেতা সহ মোট ১৩ জন নেতাকে বহিষ্কার করা হয়।
এতে বলা হয়েছে, বাংলাদেশ যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম (মুন্না) ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম (নয়ন) ইতিমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের বহিষ্কৃত নেতারা হলেন—ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সহসভাপতি হুমায়ুন কবির, সদস্য জিয়াউর রহমান, মোস্তাফিজু রহমান হানিফ।
ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ মাহফুজুর রহমান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ভেরিফাইড ফেসবুকে পেজে দেওয়া বিজ্ঞপ্তিতে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের তিন নেতার বহিষ্কারের বিষয়টি জানতে পেরেছি। বহিষ্কৃত তিন নেতা জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ আসনে বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইনের বিপক্ষে গিয়ে দল থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরণে পক্ষে নির্বাচনি প্রচারে অংশ নিচ্ছিল।
প্রসঙ্গত, ময়মনসিংহ-৩ আসনে বিএনপি ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন পান দলটির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন। গত বছরের ৯ নভেম্বর মনোনয়ন দ্বন্দ্বে গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক পদ থেকে বহিষ্কার হন আসনটির মনোনয়ন বঞ্চিত আহাম্মদ তায়েবুর রহমান হিরণ।
সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করছেন। দলীয় নির্দেশনা অমান্য করে স্থানীয় বিএনপির একটি তার পক্ষে কাজ করছেন।



