ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ময়মনসিংহে ভোটগ্রহণ শুরু

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৮:১৯ এএম
ভোট দিচ্ছেন ভোটাররা। ছবি : রূপালী বাংলাদেশ

ময়মনসিংহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

সকাল সাড়ে ৭টায় ময়মনসিংহ নগরীর রামবাবু রোডের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে গিয়ে দেখা যায়, নারীরা লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়া শুরু করেছেন। অন্য ভোটারদেরও ভোট দিতে কেন্দ্রে আসতে দেখা যায়।

নগরীর পচাপুকুর পাড় এলাকা থেকে ভোট দিতে আসেন জান্নাতুল ফেরদৌস। তিনি বলেন, ‘গত ১৭ বছর আমরা ভোট দেওয়ার সুযোগ পাইনি। এবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছি। আমরা যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নেতা নির্বাচিত করব।’

নগরীর সাহেব আলী রোড থেকে ভোট দিতে আসেন হাফিজা খাতুন। তিনি বলেন, ‘অনেক বছর ধরে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারিনি। এবার সেই সুযোগ পেয়েছি। আমরা পরিবর্তন চাই, একই সঙ্গে দেশের উন্নয়ন চাই।’

বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা আরিফুল ইসলাম মানিক বলেন, ‘সকাল সাড়ে ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। এটি নারী কেন্দ্র। এই কেন্দ্রে নারী ভোটার সংখ্যা ৩ হাজার ৯৪১ জন। আশা করি, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হবে।’

ময়মনসিংহ জেলার ১১ আসনে মোট ভোটার ৪৭ লাখ ৬৪ হাজার ৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৪ লাখ ০৬ হাজার ৮৯২ জন, নারী ভোটার ২৩ লাখ ৫৭ হাজার ১৬৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪১ জন। ১১টি আসনে বৈধ প্রার্থী এখন পর্যন্ত ৬৭ জন।

দ্বাদশ সংসদ নির্বাচনের চেয়ে এবার ভোটার বেড়েছে ২ লাখ ৫৩ হাজার জন।