ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হালুয়াঘাটে নারী ভোটারদের উপচে পড়া ভিড়

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১২:৪০ পিএম
ভোটকেন্দ্রের লাইনে দাঁড়িয়ে নারী ভোটার। ছবি : রূপালী বাংলাদেশ

ময়মনসিংহ-১ (হালুয়াঘাট ও ধোবাউড়া) আসনে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া এখন পর্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকেই উপজেলার কেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে নসুল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নারী ভোটারদের দীর্ঘ লাইন সবার নজর কেড়েছে।

নসুল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৪৪৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ হাজার ২৩০ এবং নারী ভোটার ২ হাজার ২১৭ জন। সরেজমিন দেখা যায়, সকাল ৭টা থেকেই কনকনে শীত উপেক্ষা করে নারী ভোটাররা লাইনে দাঁড়িয়েছেন। 

ভোট গ্রহণ কর্মকর্তাদের তথ্যমতে, সকাল ১০টা পর্যন্ত এই কেন্দ্রে ৬০১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে থাকা নারী ভোটার সীমা রানী বলেন, ‘সকাল সাড়ে ৭টা থেকে লাইনে দাঁড়িয়েছি। নিজের ভোট নিজে দিতে পেরে খুব ভালো লাগছে।’ 

অপর ভোটার ফরিদা আক্তার জানান, পছন্দের প্রার্থীকে ভোট দিতে ভোরেই ঘরের কাজ শেষ করে কেন্দ্রে এসেছেন। ভোটার নাসিমা বলেন, ‘পরিবেশ এখন পর্যন্ত শান্ত আছে, আশা করি নিরাপদে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারব।’

নসুল্যা কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. হাফিজুর রহমান বলেন, ‘সকাল থেকেই নারী ভোটারদের উপস্থিতি বেশ লক্ষণীয়। এখন বোরো ধান রোপণের মৌসুম চলছে, তাই পুরুষরা হয়তো মাঠের কাজ শেষ করে দুপুরের দিকে কেন্দ্রে আসবেন।’

এই কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য ২৫ জন ভোটগ্রহণ কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে ১৪ জন নিয়োজিত রয়েছেন। তিন প্রার্থীর মোট ২৪ জন পোলিং এজেন্টকে কেন্দ্রে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

ময়মনসিংহ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া প্রতীক) সালমান ওমর রুবেল সকাল ১০টায় নিজের ভোট প্রদান করেন। ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের জানান, সামগ্রিক পরিবেশ সন্তোষজনক হলেও কিছু কিছু কেন্দ্রে ধানের শীষের কর্মীরা বিক্ষিপ্তভাবে ঝামেলা তৈরির চেষ্টা করছে। তিনি আশা প্রকাশ করেন, প্রশাসন কঠোর থাকলে দিনশেষে ভোটাররা তাদের সঠিক রায় দিতে পারবেন।