ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে ১২টি কেন্দ্রে দুই প্রার্থী শূন্য ভোট পেয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে গৌরীপুরের সহকারী রিটার্নিং কর্মকর্তা ইউএনও আফিয়া আমীন পাপ্পা এ তথ্য জানান। এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ৯২টি কেন্দ্রের ৫৩৮টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
তিনি জানান, কাঁচি প্রতীকের বাসদ (মার্কসবাদী) গৌরীপুর উপজেলা শাখার আহ্বায়ক একেএম আরিফুল হাসান ১১টি কেন্দ্রে এবং হাতপাখা প্রতীকের প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. শরিফুল ইসলাম ১টি কেন্দ্রে শূন্য ভোট পেয়েছেন।
শূন্য ভোটপ্রাপ্ত কেন্দ্রগুলো হলো— কাঁচি প্রতীকের একেএম আরিফুল হাসান জিরো ভোট পেয়েছেন তালে হোসেন খান উচ্চ বিদ্যালয়, রামচন্দ্রনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভালুকাপুর উচ্চ বিদ্যালয়, টেংগাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সহনাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডৌহাখলা উচ্চ বিদ্যালয়, মরিচালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভোলার আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালিজড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বলারকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। আর হাতপাখা প্রতীকের মো. শরিফুল ইসলাম গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শূন্য ভোট পেয়েছেন।
ময়মনসিংহ-৩ গৌরীপুর উপজেলার ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত নির্বাচনি আসন ১৪৮ ময়মনসিংহ-৩ (গৌরীপুর)।
আফিয়া আমীন পাপ্পা জানান, এ আসনে এবার মোট ভোটার ২ লাখ ৯৫ হাজার ৬৬১ জন। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১ লাখ ৭২ হাজার ৮৪৭ জন। প্রদত্ত ভোটের হার ৫৮ দশমিক ৪৬ শতাংশ। বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৬৮ হাজার ২৪৬। বাতিল ভোটের সংখ্যা ৪ হাজার ৬০১টি।
নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন ৭৪ হাজার ৪৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান (উপজেলা বিএনপির বহিষ্কৃত আহ্বায়ক) আহাম্মদ তায়েবুর রহমান হিরণ পেয়েছেন ৬৫ হাজার ৫১৩ ভোট।
এছাড়াও কাঁচি প্রতীকের বাসদ (মার্কসবাদী) উপজেলা শাখার আহ্বায়ক একেএম আরিফুল হাসান পেয়েছেন ৩৩৪ ভোট। বই প্রতীকের প্রার্থী বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সচিব মাওলানা মো. আবু তাহের খান পেয়েছেন ২৫ হাজার ২৩৩ ভোট এবং হাতপাখা প্রতীকের প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. শরিফুল ইসলাম পেয়েছেন ২ হাজার ৬৮৮ ভোট।


