ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মাইকিং করে চাঁদাবাজদের পুলিশে দিতে বললেন নবাগত এমপি

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৯:৫৫ পিএম
নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্ছু। ছবি : সংগৃহীত

এলাকায় কেউ চাঁদাবাজির চেষ্টা করলে তাকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও-পাগলা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্ছু।

সোমবার দুপুরে (১৬ ফেব্রুয়ারি) নবনির্বাচিত সংসদ সদস্যের পক্ষে গফরগাঁও পৌর শহরে জনসাধারণের অবগতির জন্য মাইকিং করে প্রচার করা হয়।

নির্বাচন-পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন তরুণ ওই সংসদ সদস্য। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একাধিক পোস্টে চাঁদাবাজি ও সহিংসতার বিরুদ্ধে প্রকাশ্য সতর্কবার্তা দিয়েছেন তিনি।

এ ছাড়া নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নবনির্বাচিত সংসদ সদস্য লেখেন, নির্বাচনকে কেন্দ্র করে বা ব্যক্তিগত প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না। কেউ এমন অপচেষ্টা করলে তাকে তৎক্ষণিক আইনের হাতে তুলে দিতে হবে।

আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ধরনের অভিযোগ সরাসরি আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। জনগণের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করাই তার মূল অগ্রাধিকার।

এ ছাড়াও এক পোস্টে সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্ছু লেখেন, বিশৃঙ্খলা ও বেআইনি কর্মকাণ্ডে জড়িতরা কেউ দলের লোক হতে পারে না। এরা দল বোঝে না, বোঝে নিজের স্বার্থ। এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। অন্যায় ও অপরাধে জড়িতদের কোনো ছাড় নয়। অপরাধীর একমাত্র পরিচয় অপরাধী।

যেকোনো মূল্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, সর্বস্তরের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, দেশের অর্থনীতি চাঙ্গা করা, বেকারদের কর্মসংস্থানসহ জনগণের কাঙ্ক্ষিত উন্নয়নই আমাদের লক্ষ্য।

ময়মনসিংহ-১০ (গফরগাঁও-পাগলা) আসনের নবাগত এমপি মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্ছু বলেন, গফরগাঁও উপজেলা, পৌর ও পাগলা থানার প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত গফরগাঁও-পাগলা গড়া আমার অঙ্গীকার। এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা বা প্রতিহিংসামূলক আচরণ গ্রহণযোগ্য হবে না। নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে কারো ওপর চাপ সৃষ্টি বা ভীতি প্রদর্শনের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।