× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৫:৩৮ পিএম

এক স্কুল থেকেই ৬ বিসিএস ক্যাডার, ঈশ্বরগঞ্জে সাফল্যের ‘ছক্কা’

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৫:৩৮ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

একই স্কুল, একই স্বপ্ন, আর এখন একই লক্ষ্য—মানবসেবা। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় এবার গড়েছে এক বিরল কীর্তি। ৪৮তম (বিশেষ) বিসিএসের মাধ্যমে এই একটি স্কুল থেকেই স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে নিয়োগ পেয়েছেন ছয়জন মেধাবী চিকিৎসক। সম্প্রতি সাদা অ্যাপ্রন ও স্টেথোস্কোপ হাতে নিয়ে মানবতার সেবায় নিজেদের উৎসর্গ করার শপথ নিয়েছেন এই ছয় কৃতী সন্তান। একই স্কুল থেকে একসঙ্গে ছয়জনের এই সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে তিনজনই এসএসসি ২০১৪ ব্যাচের শিক্ষার্থী। তারা হলেন, ডা. আনিসুর রহমান রিয়াদ, ডা. নিশাদ ফারহানা ও ডা. জয়িতা দাস। বাকি তিনজনের মধ্যে রয়েছেন ২০১৩ ব্যাচের ডা. অনন্যা সরকার, ২০১২ ব্যাচের ডা. নির্জনা রাউত তন্বী এবং ২০০৯ ব্যাচের ডা. আনোয়ার রহমান ইমন।

ডা. আনিসুর রহমান রিয়াদ (সহকারী সার্জন, মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স) গৌরীপুরের পুম্বাইল গ্রামের ফজলুর রহমান ও রওশন আরা বেগম দম্পতির ছোট ছেলে। রিয়াদ জানান, স্কুল শেষ করার আগেই বাবার আকস্মিক মৃত্যুতে জীবন কঠিন হয়ে পড়েছিল। তিনি বলেন, ‘স্কুলের পাঠ চুকানোর আগেই বাবাকে হারিয়েছিলাম। সেই থেকে প্রতিটি দিন ছিল তার স্বপ্নপূরণের সংগ্রাম। আজ বিসিএস ক্যাডার হওয়া সেই দীর্ঘ ত্যাগেরই ফসল।’ অনুজদের উদ্দেশে তার পরামর্শ, পড়াশোনার কোনো বিকল্প নেই, আর লক্ষ্য স্থির করতে হবে হাইস্কুলের প্রথম দিন থেকেই।

ডা. অনন্যা সরকার (সহকারী সার্জন, ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স) অমরেশ সরকার ও বন্দনা রাণী পাল দম্পতির বড় মেয়ে। অনন্যা বলেন, ‘বিসিএস স্বাস্থ্য ক্যাডারে যোগদানের মাধ্যমে সরাসরি প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর স্বপ্ন পূরণ হলো। শেকড়ের মানুষের সেবা করতে পারাটা অন্যরকম এক তৃপ্তি।’

নিয়োগপ্রাপ্তদের মধ্যে ডা. নিশাদ ফারহানা কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ডা. জয়িতা দাস ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (ডেন্টাল), ডা. নির্জনা রাউত তন্বী হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (ডেন্টাল) এবং ডা. আনোয়ার রহমান ইমন কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেছেন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ. কে. এম. মোস্তফা কামাল উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘আমাদের বিদ্যালয়ের ছয়জন শিক্ষার্থী একসঙ্গে স্বাস্থ্য ক্যাডারে যোগ দেওয়ায় আমরা গর্বিত। আমি চাই, তারা কর্মজীবনে সফল হোন। সময় ও সুযোগ হলে তারা যেন বিদ্যালয়ে এসে বর্তমান শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেন সেই প্রত্যাশা রইল।’

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি রাজধানীর শাহবাগে একটি কনভেনশন হলে ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ৩ হাজার ২৬৩ জন ক্যাডারকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।

Link copied!