সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আজিজুল হক (৫১) নামে এক প্রবাসী নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) সৌদি আরবে সেহরির সময় আল কাসিম বুড়াইদা শহরে সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি।
নিহত আজিজুল হক ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার সালটিয়া ইউনিয়নের দক্ষিণ পুখুরিয়ার গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। তিনি দুই সন্তানের জনক।
গফরগাঁও মহিলা কলেজের প্রভাষক সাব্বির কামাল বলেন, আজিজুল হক দীর্ঘ ২০ বছর যাবত সৌদি আরবে কর্মরত ছিলেন। আনুমানিক ১০ বছর আগে দেশে এসেছিলেন। ঘটনার দিন সেহরির আগে আল কাসিম বুড়াইদা শহরে সড়ক পারাপারের সময় অজ্ঞাত গাড়ির চাপায় তিনি নিহত হন।
নিহত আজিজুল হকের পরিবারে রয়েছেন বৃদ্ধ মা, স্ত্রী ও দুই ছেলে সন্তান।
নিহতের মা মমতাজ বেগম বলেন, আমার ছেলে ২০ বছর আগে সৌদি আরবে গিয়েছিল। আনুমানিক ১০ বছর আগে একবার দেশে এসেছিল। সেটাই ছিল তার শেষ আসা। তার দুই ছেলে আছে। একজন এসএসসি পাশ করে বাড়িতে থাকে। আরেকজনকে তার বাবা সৌদি আরবে নিয়ে গিয়েছিলেন। বাবা ছেলে দুইজন একসাথে থাকতেন। আমি আমার ছেলের মুখ শেষবারের মতো দেখতে চাই।

