ইঞ্জিন সংকটের কারণে ময়মনসিংহে কয়েকটি লোকাল ট্রেনের চলাচল বন্ধ হয়ে পড়েছে। এতে ময়মনসিংহ–মোহনগঞ্জ ও ময়মনসিংহ–ভৈরব রুটের যাত্রীরা দীর্ঘদিন ধরে দুর্ভোগে পড়েছেন। ট্রেনগুলো চালুর দাবিতে ইতোমধ্যে মানববন্ধন, সমাবেশ ও স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন স্থানীয় যাত্রীরা।
স্থানীয় বাসিন্দারা জানান, এসব লোকাল ট্রেনে মধ্যবিত্ত শ্রেণির মানুষ, সরকারি-বেসরকারি চাকরিজীবী, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা নিয়মিত যাতায়াত করেন। কিন্তু দীর্ঘদিন ধরে ট্রেন চলাচল বন্ধ থাকায় তাদের বিকল্প পরিবহনের ওপর নির্ভর করতে হচ্ছে।
গৌরীপুর রেলওয়ে জংশন সূত্রে জানা গেছে, করোনাকাল থেকে ময়মনসিংহ–ভৈরব রুটে লোকাল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। অন্যদিকে গত বছরের ৩১ মে থেকে ময়মনসিংহ–মোহনগঞ্জ রুটে চলাচলকারী লোকাল ট্রেনটিও বন্ধ রয়েছে।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে মোহনগঞ্জ পর্যন্ত রেলপথের দূরত্ব প্রায় ৬৮ দশমিক ৫ কিলোমিটার। এ রুটে বর্তমানে হাওর এক্সপ্রেস ও মোহনগঞ্জ এক্সপ্রেস নামে দুটি আন্তনগর ট্রেন চলাচল করে। আগে এ ছাড়া একটি লোকাল ও একটি কমিউটার ট্রেনও চালু ছিল।
লোকাল ডাউন ট্রেনটি প্রতিদিন ভোর ৫টা ৪০ মিনিট ও বেলা ২টা ১০ মিনিটে ময়মনসিংহ স্টেশন থেকে মোহনগঞ্জের উদ্দেশে ছেড়ে যেত। আর মোহনগঞ্জ থেকে প্রতিদিন সকাল সাড়ে ৮টা ও বিকেল সাড়ে ৫টায় ময়মনসিংহের উদ্দেশে ট্রেনটি ছেড়ে আসত।
রেলওয়ে সূত্র জানায়, লোকাল ট্রেনটির ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় সেটি মেরামতের জন্য চট্টগ্রাম পাঠানো হয়েছে। ইঞ্জিন মেরামত শেষ হলে ট্রেনটি পুনরায় চালু করা হবে। তবে কবে নাগাদ মেরামত শেষ হবে, তা নিশ্চিত করে বলা যায়নি।
অন্যদিকে ময়মনসিংহ–ভৈরব রেলপথে চলাচলকারী লোকাল ট্রেনগুলোও কয়েক বছর ধরে বন্ধ রয়েছে। এ কারণে ওই রুটের যাত্রীরাও একইভাবে দুর্ভোগে পড়েছেন। বন্ধ ট্রেনগুলো চালুর দাবিতে বিভিন্ন স্টেশনে মানববন্ধন ও সমাবেশ করেছেন যাত্রীরা।
ময়মনসিংহ স্টেশনের সুপারিনটেনডেন্ট বলেন, ইঞ্জিন সংকটের কারণে মোহনগঞ্জ ও ভৈরব লাইনের লোকাল ট্রেনগুলো বন্ধ আছে। নতুন ইঞ্জিন পাওয়া গেলে আবার ট্রেন চলাচল শুরু করা সম্ভব হবে।

