তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানি তেলের যে সমস্যার কথা বলা হচ্ছে তার ফলে পেট্রোল পাম্পগুলোতে যে সমস্যা দেখা দিয়েছে, তা কোনো সমস্যা নয়। সরকারের কাছে পর্যাপ্ত পরিমাণ পেট্রোল মজুত আছে এবং পর্যায়ক্রমে তা দেওয়া হবে।
সোমবার (৯ মার্চ) দুপুরে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, কেউ যদি পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে মজুত করার চেষ্টা করে, তা কোনোভাবেই কাম্য নয়। এমন খবর মূলত রাজধানী থেকে বেশি পাওয়া যাচ্ছে। যেহেতু সংকট দেখা দিয়েছে, তাই সকলকে সচেতন হতে হবে। সংকট নিরসনে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন।
জেলা প্রশাসক সাইফুর রহমানের সভাপতিত্বে সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইকবাল হোসাইন, ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, মুক্তাগাছা আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলু, ফুলবাড়িয়া আসনের সংসদ সদস্য কামরুল হাসন মিলন।
এ ছাড়া গফরগাঁও আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্ছু, হালুয়াঘাট আসনের সংসদ সদস্য সালমান ওমর রুবেল, ফুলপুর আসনের সংসদ সদস্য মাহমুদুল্লাহ, পুলিশ সুপার মিজানুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


