ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের তীরবর্তী চরাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ২০০৬ সালের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে সদর উপজেলার পরানগঞ্জে ২০ শয্যার একটি হাসপাতাল নির্মাণ করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
তবে এরপর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দীর্ঘ ১৮ বছর অতিবাহিত হলেও হাসপাতালটিতে প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল নিয়োগ দেওয়া হয়নি। চালু করা হয়নি ইনডোর সেবা ও রোগী ভর্তি কার্যক্রমও।
সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি সরকার গঠনের প্রেক্ষাপটে দীর্ঘদিন অবহেলিত এ হাসপাতালটির কার্যক্রম পুরোদমে চালুর উদ্যোগ নিয়েছেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
সোমবার (৩০ মার্চ) বিকেলে নিজের ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন তিনি।
তিনি জানান, পরানগঞ্জ ২০ শয্যার হাসপাতালের ইনডোর সেবা চালুর জন্য ইতোমধ্যে স্বাস্থ্যমন্ত্রীর কাছে লিখিত আবেদন করা হয়েছে। “আশা করছি, সরকারের সদিচ্ছায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে এবং চরাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে,” বলেন তিনি।
আবেদনে তিনি উল্লেখ করেন, ময়মনসিংহ-৪ (সদর) আসনের অন্তর্গত ৪ নম্বর পরানগঞ্জ ইউনিয়নে অবস্থিত এ হাসপাতালটি বর্তমানে শুধু বহির্বিভাগীয় সেবা দিয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে ইনডোর সেবা বন্ধ থাকায় স্থানীয়দের চিকিৎসা পেতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
অভিযোগ রয়েছে, বিএনপি সরকারের আমলে বরাদ্দ পাওয়া হাসপাতালের বেড, এক্স-রে মেশিনসহ কিছু চিকিৎসা সরঞ্জাম তৎকালীন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অন্যত্র সরিয়ে নিয়েছিলেন। স্থানীয়দের দাবি, হাসপাতাল ভবন ও চিকিৎসক-স্টাফদের আবাসন নির্মাণ করা হলেও পরবর্তী সময়ে সেটি কার্যকরভাবে চালু করা হয়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, হাসপাতালটির পূর্ণাঙ্গ কার্যক্রম চালু হলে চরাঞ্চলের মানুষের চিকিৎসা সংকট অনেকটাই দূর হবে। এ উদ্যোগ নেওয়ায় সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা।


