ময়মনসিংহের মুক্তাগাছায় সিয়াম (১৫) নামের এক স্কুল শিক্ষার্থীকে এলোপাতাড়ি পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১ মে) ভোর ৪টার দিকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার পদুরবাড়ি হাই স্কুল মাঠে এ ঘটনা ঘটে। নিহত সিয়াম একই উপজেলার শিবপুর গ্রামের আব্দুস সালামের ছেলে। সে স্থানীয় মানকোন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুক্তাগাছার পদুরবাড়ি হাই স্কুল মাঠে বৈশাখী মেলা চলছিল। রাত সাড়ে ৭টার দিকে বন্ধুদের সঙ্গে মেলায় যায় সিয়াম। এ সময় কথাকাটাকাটির একপর্যায়ে বন্ধুদের দুই গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে সিয়ামকে এলোপাতাড়ি মারধর করা হয় এবং মাথায় বাঁশ ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে গুরুতর আহত হয়ে সে মাটিতে লুটিয়ে পড়ে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।
মুক্তাগাছা থানার ওসি কামরুল ইসলাম বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় দুইজনকে হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করা হবে বলেও তিনি জানান।


