ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হত্যার ভয় দেখিয়ে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশিত: মে ১১, ২০২৬, ০৭:০৩ এএম
অভিযুক্ত শাকুল সাংমা

ময়মনসিংহের হালুয়াঘাটে ১১ বছর বয়সি এক বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে শাকুল সাংমা (৫৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১০ মে) বিকেল ৩টার দিকে উপজেলার জুগলী ইউনিয়নের ছাতুগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার শাকুল সাংমা একই এলাকার মতিন মারাকের ছেলে।

এদিন দিবাগত  রাত পৌনে ১টার দিকে ময়মনসিংহ জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশুটি বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সুযোগে শাকুল সাংমা তাকে ফুসলিয়ে বাড়ির অদূরে একটি জঙ্গলে নিয়ে যান। সেখানে হত্যার ভয় দেখিয়ে মুখ চেপে ধরে শিশুটিকে ধর্ষণ করে। এ সময় জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার পথে স্থানীয় চৌকিদার বক্তার মিয়াসহ কয়েকজন বিষয়টি দেখে ফেললে অভিযুক্ত পালিয়ে যান। পরে শিশুটিকে উদ্ধার করে বাড়িতে নেওয়া হলে ইশারা–ইঙ্গিতের মাধ্যমে পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়।

ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বিষয়টি থানায় জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সত্যতা পায় এবং রাতেই অভিযান চালিয়ে শাকুল সাংমাকে গ্রেপ্তার করে।

স্থানীয়দের দাবি, অভিযুক্তের বিরুদ্ধে এর আগেও এলাকায় নারীদের উত্যক্ত ও শ্লীলতাহানির অভিযোগ ছিল।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, নির্যাতনের শিকার শিশুর পরিবারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ধরনের জঘন্য অপরাধের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং অভিযুক্তকে আইনের আওতায় আনা হবে।