ময়মনসিংহের মুক্তাগাছায় তালা কেটে ৩৫ লাখ টাকা চুরির মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া ২১ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তারা পেশাদার ছিনতাইকারী।
গ্রেপ্তাররা হলেন- উপজেলার বিরাশি মধ্যপাড়া গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে সৌরভ মিয়া (৩০) এবং একই এলাকার মো. আবুল কালাম ওরফে কালু মিয়ার ছেলে মো. জনি (২৫)।
বুধবার (১৩ মে) বিকেলে গ্রেপ্তার দুই আসামিকে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠায় মুক্তাগাছা থানার পুলিশ।
এর আগে ওইদিন সকাল ৭টায় ঢাকার শাহজাহানপুর এলাকার রেলওয়ে কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, মুক্তাগাছা উপজেলার বিরাশি এলাকার ব্যবসায়ী আশরাফুল আলম জমি কেনার উদ্দেশ্যে ব্যবসার ৩৫ লাখ টাকা বাড়িতে সংরক্ষণ করে রেখেছিলেন। তার বাবা হজ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করায় বাড়িতে তার মা হাসিনা বেগম একাই বসবাস করছিলেন। গত ১ এপ্রিল সন্ধ্যায় হাসিনা বেগম প্রতিবেশীর বাড়িতে গেলে দুর্বৃত্তরা ঘরের তালা কেটে শয়নকক্ষের স্টিলের ট্রাংক ভেঙে ৩৫ লাখ টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় আশরাফুল আলম বাদী হয়ে মুক্তাগাছা থানায় মামলা দায়ের করেন।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শাহজাহানপুর রেলওয়ে কলোনির একটি ভাড়া বাসা থেকে ১৮ লাখ টাকা এবং ময়মনসিংহ কোতোয়ালি থানার চর কুষ্টিয়া এলাকায় সৌরভের খালার গোয়ালঘরের মাচার নিচ থেকে আরও ৩ লাখ টাকা উদ্ধার করা হয়।
এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেপ্তার দুইজন পেশাদার ছিনতাইকারী ও চোর চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় ছিনতাই, মাদকসহ একাধিক মামলা রয়েছে। ঘটনার পর থেকেই তারা আত্মগোপনে ছিলেন। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।


