ময়মনসিংহের গৌরীপুরে শাওন চন্দ্র দাস নামে এক তরুণ তার ব্যবহৃত ইমো আইডিতে ‘পবিত্র কোরআনের ওপর পা রাখার’ একটি প্রচ্ছদ ছবি ব্যবহার করার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৯ মে) ছবিটি ফেসবুকের একাধিক আইডিতে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে মঙ্গলবার রাতেই রাজধানীর তেজগাঁও এলাকা থেকে শিল্প পুলিশের সহায়তায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাকে আটক করা হয়।
এ ঘটনায় ইত্তেফাকুল উলামা উপজেলা কমিটির সভাপতি মুফতি নাজিম উদ্দিন বাদী হয়ে গৌরীপুর থানায় একটি মামলা দায়ের করেন। পরে আটক শাওন চন্দ্র দাসকে ময়মনসিংহ কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। বুধবার বিকেলে আইনি প্রক্রিয়া শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে মঙ্গলবার রাতে গৌরীপুর পৌর শহরে ‘শাওনের ফাঁসির দাবিতে’ তৌহিদী জনতা দফায় দফায় বিক্ষোভ মিছিল বের করে। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা শাওন চন্দ্র দাসের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়।
অন্যদিকে মঙ্গলবার রাতে পৌর শহরের বড় মসজিদে এশার নামাজের পর উপজেলার বিভিন্ন পর্যায়ের আলেম-ওলামারা সমবেত হন। তাদের সঙ্গে ধর্মপ্রাণ মুসল্লিরাও অংশ নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমীন পাপ্পা এবং গৌরীপুর থানার ওসি মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
এ সময় গৌরীপুর উপজেলা ইত্তেফাকুল উলামার সভাপতি মুফতি মো. নাজিম উদ্দিন ওলামাদের পক্ষ থেকে ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তারের আল্টিমেটাম দেন। পরে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত তাকে গ্রেপ্তারের আশ্বাস দেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরীপুর থানার ওসি মো. হাবিবুর রহমান বলেন, ‘শিল্প পুলিশের তৎপরতায় মঙ্গলবার রাতেই ঢাকায় শাওনকে আটক করা হয়। পরে তাকে ময়মনসিংহ কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে গৌরীপুর থানায় মামলা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন