ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় বাজার করে দিতে বলাকে কেন্দ্র করে শিরিনা আক্তার (২৫) নামে এক গৃহবধূকে কোদাল দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী হাবিবুর রহমানের (৩৮) বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে উপজেলার কৈচাপুর ইউনিয়নের বড় খানের পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিরিনা আক্তার ওই এলাকার বাসিন্দা হাবিবুর রহমানের দ্বিতীয় স্ত্রী এবং দুই সন্তানের জননী।
হালুয়াঘাট থানার ওসি (তদন্ত) মোজাম্মেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবুর রহমানের দুই স্ত্রী রয়েছে এবং তারা পৃথক বাড়িতে বসবাস করতেন। কয়েক দিন ধরে শিরিনা আক্তার স্বামীর কাছে বাজারের প্রয়োজনীয় জিনিসপত্র চেয়ে আসছিলেন। এ নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল।
ঘটনার দিন বিকেলে হাবিবুর রহমান মাঠে কৃষিকাজ করছিলেন। এ সময় শিরিনা সেখানে গিয়ে বাজারের বিষয়টি নিয়ে কথা বললে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে হাবিবুর রহমান হাতে থাকা কোদাল দিয়ে শিরিনার মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর অভিযুক্ত হাবিবুর রহমান দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যায় মরদেহ উদ্ধার করে।
ওসি (তদন্ত) মোজাম্মেল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। অভিযুক্ত স্বামী ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।
তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

