ঢাকা শুক্রবার, ২৬ জুন, ২০২৬

নিখোঁজের সপ্তম দিনে ক্যাম্পাসে ফিরলেন জবি শিক্ষার্থী সিরাজ

জবি প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ১১:২৪ পিএম
ছবি : সংগৃহীত

টানা সাত দিন নিখোঁজ থাকার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজবিজ্ঞান বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ সিরাজুল ইসলাম ক্যাম্পাসে ফিরে এসেছেন। তার ফিরে আসার খবরে স্বস্তি ফিরেছে সহপাঠী ও বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের মধ্যে।

বুধবার (২৫ জুন) দুপুরে তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন, সহপাঠী ও শিক্ষার্থীরা তার সঙ্গে কথা বলেন। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি কেরানীগঞ্জ এলাকা থেকে ক্যাম্পাসে আসেন।

এর আগে গত ১৮ জুন থেকে সিরাজুল ইসলাম নিখোঁজ ছিলেন। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু), বিভিন্ন ছাত্রসংগঠন এবং শিক্ষার্থীরা তার সন্ধানে ব্যাপক প্রচারণা চালায়। পরিস্থিতি মোকাবিলায় বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি মতবিনিময় সভা করে এবং শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের জরুরি সহায়তা দিতে একটি ‘কুইক রেসপন্স টিম’ গঠন করে।

ক্যাম্পাসে ফিরে এসে সিরাজুল ইসলাম বলেন, বর্তমানে আমার মানসিক অবস্থা স্বাভাবিক নয়। আমার মাথা ঠিকমতো কাজ করছে না। স্বাভাবিক অবস্থায় ফিরতে আমার কিছুটা সময় প্রয়োজন।

এ কারণে নিখোঁজ থাকার বিষয়ে তিনি তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন।

সিরাজুলের বাবা আবুল কালাম জানান, একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে সিরাজ বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে অবস্থানের কথা জানিয়েছিলেন। পরে তিনি অসুস্থ বোধ করায় সেখান থেকে চলে যান এবং এরপর তার সঙ্গে আর যোগাযোগ সম্ভব হয়নি। তিনি বলেন, যতদূর জানা গেছে, সিরাজ কোনো ধরনের হয়রানির শিকার হননি। তাকে খুঁজে বের করতে পুলিশ ও সংশ্লিষ্টরা আন্তরিকভাবে কাজ করেছেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন বলেন, শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন গভীর উদ্বেগে ছিল। বিষয়টি জানার পর প্রশাসন, শিক্ষার্থী প্রতিনিধি, বিভিন্ন ছাত্রসংগঠন ও সাংবাদিকদের নিয়ে জরুরি বৈঠক করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। পাশাপাশি গোয়েন্দা সংস্থা ও পুলিশ প্রশাসনের সহযোগিতা চাওয়া হয় এবং প্রক্টরের নেতৃত্বে একটি টিম বিষয়টি নিয়ে কাজ করে।

তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় সিরাজকে সুস্থ ও নিরাপদ অবস্থায় ফিরে পাওয়া গেছে।

এ জন্য তিনি পুলিশ প্রশাসন, গোয়েন্দা সংস্থা এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

তবে সিরাজুল ইসলাম কীভাবে নিখোঁজ ছিলেন এবং গত সাত দিন কোথায় অবস্থান করেছেন, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।