ঢাকা শুক্রবার, ২৬ জুন, ২০২৬

পিরোজপুরে ২ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ১০:৪৮ পিএম
ছবি : সংগৃহীত

পিরোজপুরে ২০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ছনিয়া (২৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে পিরোজপুর সদর উপজেলার ভৈরমপুর এলাকা থেকে দোলা পরিবহনের একটি বাস থেকে তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃত ছনিয়া পার্শ্ববর্তী ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার নৈকাঠি গ্রামের আনসার আলী তালুকদারের মেয়ে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে সদর উপজেলার ভৈরমপুর নামক স্থানে প্রচেষ্টা ডিপার্টমেন্টালের সামনে ঢাকা-পিরোজপুর মহাসড়কে ঢাকা থেকে পিরোজপুরগামী দোলা পরিবহনে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির এফ-৪ সিটে বসা ছনিয়া নামের এক যাত্রীকে সন্দেহ হলে তাকে আটক করা হয়। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি তার সঙ্গে ইয়াবা ট্যাবলেট রয়েছে বলে জানান। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নারী সদস্যের মাধ্যমে পার্শ্ববর্তী একটি দোকানে নিয়ে তার দেহ তল্লাশি করা হলে তার কাছ থেকে ৮টি পলিথিনে মোড়ানো পোটলায় দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। তিনি এর আগেও ইয়াবা পাচারের সঙ্গে জড়িত ছিলেন বলেও জানা যায়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ খোরশিদ আলম আজ বিকেলে এই প্রতিবেদককে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল থেকেই ভৈরমপুর নামক এলাকায় ঢাকা থেকে আগত বাসগুলোতে তল্লাশি চালানো হয়। এ সময় দোলা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশির সময় একজনকে আটক করে তার কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়।