নওগাঁ-৪ (মান্দা) আসনের বিএনপি প্রার্থী ডা. ইকরামুল বারী টিপুকে ফের কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।
রোববার (১৮ জানুয়ারি) বিকেলে কমিটির চেয়ারম্যান নওগাঁর সিভিল জজ আদালতের (আত্রাই) বিচারক মো. শিমুল সরকার এ নোটিশ প্রদান করেন।
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে ২২ জানুয়ারি নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
এর আগেও গত ৭ জানুয়ারি নির্ধারিত সময়ের আগে ভোটের প্রচার চালানোর অভিযোগে ডা. ইকরামুল বারীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।
দ্বিতীয় দফায় পাঠানো নোটিশে উল্লেখ করা হয়, ডা. ইকরামুল বারী নওগাঁ-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে একটি প্রাইভেট কার ব্যবহার করছেন। ওই গাড়িতে ‘ধানের শীষে ভোট দিন’ লেখাসংবলিত একটি পতাকা ব্যবহার করা হয়েছে।
এ ছাড়া ডা. ইকরামুল বারীর ছবি ও ‘ধানের শীষে ভোট দিন’ লেখাসংবলিত ২০২৬ সালের ক্যালেন্ডার নির্বাচনি এলাকার ১৪টি ইউনিয়নের হাজারো দোকানে টানানো রয়েছে। এসব কার্যক্রম সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫-এর স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে।
নোটিশে আরও বলা হয়, আচরণবিধি লঙ্ঘনের দায়ে আপনার (ডা. ইকরামুল বারী) বিরুদ্ধে নির্বাচন কমিশনে কেন প্রতিবেদন পাঠানো হবে না অথবা কেন অপরাধ আমলে নিয়ে বিচারকার্য সম্পন্ন করা হবে না, সে বিষয়ে ২২ জানুয়ারি বেলা ১১টা ৩০ মিনিটে নওগাঁর সিভিল জজ আদালতের বিচারক মো. শিমুল সরকারের কার্যালয়ে সশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করতে হবে।
এ বিষয়ে বিএনপি প্রার্থী ডা. ইকরামুল বারীর বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন