ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

৫ দিন ধরে আমার ওপর মিসাইল মারা হচ্ছে : জামায়াত আমির

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০২:০৬ পিএম
বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : রূপালী বাংলাদেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘বাংলাদেশে ৫৪ বছরে বিভিন্ন দল ক্ষমতায় এসেছে, কিন্তু দেশের ভাগ্য পরিবর্তন হয়নি। যারা ক্ষমতায় ছিল, তারা দেশের ভাগ্য বদলানোর চেয়ে জনগণের পকেট কেটে নিজেদের কপাল-কিসমত পরিবর্তনে বেশি কাজ করেছে। তারা জনগণের টাকা চুরি করেছে, লুটপাট করেছে, ব্যাংক ডাকাতি ও শেয়ারবাজার লুট করেছে।’

তিনি বলেন, ‘এই লুণ্ঠনের টাকা দেশে রাখার সাহস না থাকায় তারা বিদেশে পাচার করেছে। যার পরিমাণ প্রায় ২৮ লাখ কোটি টাকা। এই টাকার প্রকৃত মালিক আপনারা। আমরা কথা দিচ্ছি, ইনশাআল্লাহ সরকার গঠন করতে পারলে আর কাউকে চুরি করতে দেব না। তাদের বিদেশে শান্তিতে থাকতে দেব না।’

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় নওগাঁ শহরের এ. টি. এম মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নওগাঁ জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আপনারা জানেন, গত পাঁচ দিন ধরে আমার ওপর মিসাইল মারা হচ্ছে। একটি গোষ্ঠী মিসাইলের আঘাতে আমাকে ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে। যারা এ দেশে গণতান্ত্রিক সরকার চায় না, জনগণের সরকার চায় না এবং দেশকে গোলাম বানিয়ে রাখতে চায়, তারাই এসব করছে। কিন্তু তাদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।’

তিনি আরও বলেন, ‘গতকাল আমার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করার ঘটনায় পুলিশ একজন হ্যাকারকে আটক করেছে। আমাদের সাইবার টিম শতভাগ নিশ্চিত হয়ে অপরাধী শনাক্ত করেছে। আমার এক্স অ্যাকাউন্ট হ্যাক করে সম্পূর্ণ মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে। এতদিন রাজপথে যাদের সঙ্গে হাতে হাত রেখে লড়াই করেছি, তাদেরই কেউ কেউ এই ঘৃণিত কাজের সঙ্গে জড়িত—এতে দুঃখ ও আফসোস লাগে।’

নওগাঁ জেলার উন্নয়ন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘নওগাঁ একটি কৃষিভিত্তিক জেলা। এখানে বিপুল পরিমাণ আম ও ধান উৎপাদন হয়। অথচ এখানে কোনো কৃষি বিশ্ববিদ্যালয় নেই, নেই কৃষি হিমাগার। সংরক্ষণের ব্যবস্থা না থাকায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ইনশাআল্লাহ আমরা সরকার গঠন করলে এখানে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে, কৃষিভিত্তিক হিমাগার ও সংরক্ষণাগার গড়ে তোলা হবে এবং আমের জন্য জুস প্রসেসিং কারখানা স্থাপন করা হবে।’

তিনি আরও বলেন, ‘নওগাঁ শহরের প্রাণের দাবি ফোর লেন সড়ক—ইনশাআল্লাহ সেটিও বাস্তবায়ন করা হবে। এ জেলায় অনেক ঐতিহ্যবাহী স্থাপনা রয়েছে, কিন্তু অবহেলা ও দায়িত্বহীনতার কারণে সেগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ হয়নি। পর্যটন শিল্প বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ হলেও এখানে তা অবহেলিত। আমরা ঐতিহ্যবাহী স্থাপনাগুলো আধুনিকায়ন করব।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘গত ৫৪ বছরে দেশে যে পরিমাণ দুর্নীতি হয়েছে, তার হিসাব নেওয়া হবে। দেশের আনাচে-কানাচে যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি, সেসব জায়গা সংস্কার করা হবে। মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করা হয়েছে।’

বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার আমির ও নওগাঁ-৪ আসনের জামায়াত প্রার্থী খ. ম. আব্দুর রাকিবের সভাপতিত্বে আয়োজিত এ জনসভায় আরও বক্তব্য দেন ব্যারিস্টার শাহরিয়ার কবির, নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারি ও নওগাঁ সদর-৫ আসনের প্রার্থী আ স ম সায়েমসহ নওগাঁর বিভিন্ন আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও নেতৃবৃন্দ।