নওগাঁর বদলগাছী উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের ঘোষণা দিয়েছেন নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। তিনি বলেছেন, ‘সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক—কোনো অপরাধই ছাড় পাবে না। দলীয় পরিচয় দেখে নয়, আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।’
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান ছনির সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) পলাশ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার কানিজ ফারহানা, থানার ওসি লুৎফর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় এমপি ফজলে হুদা বাবুল বলেন, ‘সাম্প্রতিক সময়ে কিছু বিচ্ছিন্ন ঘটনা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। ভূমি অফিসে হয়রানিসহ বিভিন্ন দপ্তরে কমিশন বাণিজ্য এসব এখন থেকে চলবে না। তা ছাড়া কিছু জায়গায় অবৈধ মাটি ব্যবসা চলছে, জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশকে নির্দেশ দেওয়া দেন।
তিনি প্রশাসনের উদ্দেশে বলেন, ‘জনগণের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার। কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না।’
সভায় জনপ্রতিনিধি ও সাংবাদিকরা বাজার এলাকায় চাঁদাবাজি, যানজট ও ইভটিজিংয়ের, চুরির অভিযোগ তুলে ধরেন। এ বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভা শেষে অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ জোরদার এবং নিয়মিত পর্যালোচনা সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়।



