ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শীত ও কুয়াশায় ব্যাহত হচ্ছে মধু চাষ, লোকসানে চাষিরা

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ১২:০৪ পিএম
মধু সংগ্রহ করছেন চাষিরা। ছবি : রূপালী বাংলাদেশ

বেশ কিছুদিন ধরেই শীতের তীব্রতা বেড়েছে নড়াইলে। হিমেল হাওয়ার সঙ্গে সঙ্গে যোগ হয়েছে ঘন কুয়াশা। এসব কারণে শুধু মানুষের জীবনযাত্রাই নয়, বরং ব্যাহত হচ্ছে উৎপাদনও।

নড়াইলে অতিরিক্ত শীত ও ঘন কুয়াশা থাকায় ব্যাহত হচ্ছে মধু চাষ। দিনের বেলায়ও মৌমাছি বাক্স থেকে বের হচ্ছে না। এতে বাইরে থেকে মধু সংগ্রহ বন্ধ করেছেন মৌমাছিরা। এ ছাড়া আগে থেকে সংগ্রহ করে রাখা মধুও তারা খেয়ে ফেলছেন। ফলে লোকসানের আশঙ্কায় মধুচাষিরা।  

আবহাওয়া এমন চলতে থাকলে লোকসানের পরিমাণ অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা করছেন তারা। সরেজমিন গিয়ে নড়াইল সদর উপজেলার বিভিন্ন এলাকার বিলে দেখা গেছে, সরিষা ফুল থেকে মধু সংগ্রহে শত শত মধুর বাক্স বসানো আছে। তবে মধুর বাক্সগুলোর বাইরে মৌমাছির তেমন আনাগোনা নেই। 

মধুচাষি মো. শম্পি সরদার বলেন, দিনে কুয়াশা থাকায় বাক্সগুলো থেকে মৌমাছি বের হচ্ছে না। বেশি পরিমাণ মধু সংগ্রহে রোদ ও কুয়াশার দরকার। রাতে কুয়াশা নামলে আর দিনে রোদ হলে মধু সংগ্রহ বেশি হয়। 

আরেক খামারি মো. ইনামুল হক বলেন, দিনে কুয়াশা থাকায় খামারের মৌমাছি বাক্স থেকে বের হয় না। বের হলেও খুবই কম মৌমাছি বের হয়।এতে মৌমাছি জমানো মধু খেয়ে ফেলে। এ বছর অতিরিক্ত শীত ও কুয়াশার কারণে অনেক মৌমাছি মারা যাচ্ছে। 

আরেক চাষি মো. শহিদুল ইসলাম বলেন, বৈরী আবহাওয়ার কারণে এ বছর মধু উৎপাদন কম হবে বলে মনে হচ্ছে। সামনের দিনগুলোতে যদি আবহাওয়া অনুকূল হয়, তাহলে হয়তো সমস্যার সমাধান হতে পারে। তা না হলে মধু উৎপাদন কমে যাবে। 

নড়াইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. আরিফুর রহমান বলেন, বৈরী আবহাওয়া থাকায় মধু উৎপাদনে কিছুটা ব্যাহত হচ্ছে। আশা করছি, এ বছর ১০ টন বা তার বেশি মধু উৎপাদন হবে। মধুচাষিদের আমরা খাটি মধু উৎপাদনে কারিগরি পরামর্শ দিয়ে যাচ্ছি।