ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় বালুভর্তি একটি বাল্কহেডের দুই শ্রমিক নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে নৌ পুলিশ তৎপরতা চালাচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বালুভর্তি একটি বাল্কহেড মুন্সীগঞ্জ থেকে ঢাকার দিকে যাচ্ছিল।
এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা ‘সুন্দরবন’ নামে একটি লঞ্চ ধর্মগঞ্জ এলাকায় বাল্কহেডটিকে ধাক্কা দেয়। এতে বাল্কহেডে থাকা দুই শ্রমিক নদীতে পড়ে যান এবং এর পর থেকে তারা নিখোঁজ রয়েছেন।
ফতুল্লার বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ রকিবুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ধর্মগঞ্জ এলাকায় বালুভর্তি বাল্কহেডের সঙ্গে একটি লঞ্চের সংঘর্ষে বাল্কহেড থেকে দুই শ্রমিক নদীতে নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের উদ্ধারে নৌ পুলিশ কাজ করছে।


