নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র কেনা ও মজুতের আলাপের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর বিএনপি নেতা বজলুর রহমান ওরফে ডন বজলুকে তিন সহযোগীসহ আটক করেছে র্যাব-১১। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় র্যাব-১১-এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তবে আটক কোথা থেকে এবং কখন করা হয়েছে—এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
আটক বজলুর রহমান সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি পদে রয়েছেন।
বজলুর রহমানের সঙ্গে আটক অন্যরা হলেন— সোনারগাঁও উপজেলার নাজমুল হকের ছেলে ইউসুফ ওরফে বাদল (২০), মৃত সাদেক আলীর ছেলে সাইফুল (৩৪) এবং মৃত নূরউদ্দিন আহমেদের ছেলে আব্দুল জব্বার (৪৩)।
প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২১ জানুয়ারি রাতে সোনারগাঁওয়ের একটি স্থানীয় রেস্টুরেন্টে খাবার খাওয়ার সময় বিএনপি নেতা বজলুর রহমান ও তার সহযোগীদের মধ্যে হওয়া কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, বজলুর রহমান তার কর্মী-সমর্থকদের সঙ্গে রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছিলেন। এ সময় উপস্থিত একজনকে নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁও এলাকায় বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র মজুত করা হচ্ছে বলে মন্তব্য করতে শোনা যায়। একই ভিডিওতে বজলুর রহমানের পাশে বসা আরেকজনকে তার কানে কানে বলতে শোনা যায়, ‘নির্বাচনের জন্য আমাদের দুইটা শটগান লাগবোই। একটা আপনার সঙ্গে থাকবে, আরেকটা আমাদের কাছে থাকবে।’
ভিডিওটি প্রকাশের পর বিষয়টি ব্যাপক আলোচনার সৃষ্টি হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করে।

