ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পূর্বাচলে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদল নেতার মৃত্যু, একজন আহত

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৭:৩৮ এএম
নিহত যুবদল নেতা আনোয়ার হোসেন

পূর্বাচল ৩০০ ফিট সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক যুবদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে পূর্বাচল ৩০০ ফিট সড়কের ল্যাংটার মাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত যুবদল নেতার নাম আনোয়ার হোসেন। তিনি রূপগঞ্জ উপজেলার জাঙ্গীর এলাকার কুদরত আলীর ছেলে ও রূপগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ছিলেন। আহত ব্যক্তির নাম মাহমুদ হাসান। তিনি একই এলাকার সেলিম মিয়ার ছেলে।

পূর্বাচল পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুনুর রশিদ জানান, কাঞ্চন সেতুগামী মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি চলন্ত ট্রাকের পেছনের অংশে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহীরা সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই আনোয়ার হোসেনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় মাহমুদ হাসানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ট্রাকটি স্বাভাবিকভাবে ইউ-টার্ন নিচ্ছিল। সেই সময় দ্রুতগতিতে আসা মোটরসাইকেল ট্রাকের এক কোণায় আঘাত হানে। এতে আরোহীরা ছিটকে পড়ে যান। প্রত্যক্ষদর্শীর বক্তব্য অনুযায়ী, দুর্ঘটনায় ট্রাকচালকের তেমন কোনো দোষ ছিল না।

পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে এবং দুর্ঘটনায় জড়িত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।