ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নারায়ণগঞ্জের সার্বিক নিরাপত্তায় মাঠে ১৫ প্লাটুন সেনা, ১৪ প্লাটুন বিজিবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৫:১৭ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের ৫টি আসনে সার্বিক নিরাপত্তা রক্ষায় মাঠে থাকছে ১৫ প্লাটুন সেনাসদস্য। এ ছাড়াও ১৪ প্লাটুন বিজিবি, ১০ প্লাটুন র‌্যাব ও ১১ প্লাটুন আনসারও মোতায়েন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কমকর্তা ও জেলা প্রশাসক রায়হান কবির।

তিনি জানান, জেলা পুলিশের পক্ষ থেকে ৮১টি মোবাইল টিম ও ১৪টি স্ট্রাইকিং টিম মোতায়েন করা হয়েছে। পুরো জেলায় দায়িত্ব পালন করবেন প্রায় ২ হাজার ২০০ পুলিশ সদস্য।

ডিসি রায়হান কবির আরও জানান, নারায়ণগঞ্জে মোট ৭৫৭টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ৪৫১টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে দুজন পুলিশ সদস্য ও ১৩ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। পুলিশের কাছে বডি ওর্ন ক্যামেরা থাকবে, যাতে প্রতিটি কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণে রাখা যায়।

জেলা প্রশাসক জানান, নির্বাচনি নিরাপত্তায় এবার একটি নতুন সংযোজন থাকছে। এই প্রথম প্রতিটি কেন্দ্রে তিনজন আনসার সদস্য অস্ত্রসহ দায়িত্ব পালন করবেন। এতে করে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি দ্রুত মোকাবেলা করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

জেলা প্রশাসক রায়হান কবির বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় ভ্রাম্যমাণ আদালতও সক্রিয় থাকবে। জেলায় ৪২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ মোট ৫৩ জন বিচারক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন।

অন্যদিকে, কম গুরুত্বপূর্ণ বা সাধারণ কেন্দ্রে একজন করে পুলিশ সদস্য ও ১৩ জন আনসারসহ মোট ১৪ জন নিরাপত্তা কর্মী থাকবেন। সব কেন্দ্রেই সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে, যা কেন্দ্রের ভেতর ও আশপাশের পরিস্থিতি নজরদারিতে রাখবে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনে সাতজন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।