ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬

স্কুলে দুর্ধর্ষ চুরি, আলমারি ভেঙে নগদ টাকা লুট

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০২:০৮ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের খামারপাড়া এলাকায় অবস্থিত ব্রাইট শিশু কানন হাই স্কুলের অফিসকক্ষের তালা ভেঙে আলমারি থেকে ১ লাখ ২৭ হাজার টাকা ও গুরুত্বপূর্ণ কাগজ নিয়ে গেছে দুর্বৃত্তরা।

জানা গেছে, রোববার গভীর রাতে যে কোনো সময় এ চুরির ঘটনা ঘটে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে স্কুলের সহকারী শিক্ষক অনিক রহমান বিদ্যালয়ে এসে অফিসকক্ষের তালা ভাঙা দেখতে পান। পরে তিনি বিষয়টি প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকদের জানান।

স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, অফিসকক্ষে ঢুকে দেখা যায় সবকিছু তছনছ করে রাখা হয়েছে।

আলমারি ভেঙে গুরুত্বপূর্ণ ফাইল, টাই-ব্যাজ, খাতা ও ডায়েরি বিক্রির টাকা এবং শিক্ষার্থীদের ভর্তি ফিসহ মোট ১ লাখ ২৭ হাজার টাকা নিয়ে গেছে চোরেরা।

তিনি জানান, এতে প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

প্রধান শিক্ষক আরও বলেন, ঘটনাটি পরিকল্পিত হতে পারে বলে তাদের সন্দেহ। কারণ নির্দিষ্ট কক্ষ ও আলমারি লক্ষ্য করে ভাঙচুর করা হয়েছে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি সবুজেল হোসেন বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং মামলার প্রক্রিয়া চলমান।

ঘটনার পর স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে এমন চুরির ঘটনায় নিরাপত্তা জোরদারের দাবি উঠেছে।