নারায়ণগঞ্জ শহরের দুই নম্বর রেলগেট এলাকায় জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে ‘জয়বাংলা’ স্লোগান দিয়ে ব্যানার টাঙিয়েছে যুবলীগের নেতাকর্মীরা।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার টাঙিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কয়েকজন যুবলীগ কর্মী—যারা মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের অনুসারী হিসেবে পরিচিত—তড়িঘড়ি করে কার্যালয়ের সামনে ব্যানার টাঙান এবং ‘জয়বাংলা’ স্লোগান দেন। পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
বিষয়টি নিয়ে জানতে চাইলে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, ‘এ বিষয়ে আমাদের দলীয় কোনো সিদ্ধান্ত নেই। আমরা বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করেছি। যেহেতু তারা নিষিদ্ধ সংগঠন, এ বিষয়ে প্রশাসন ব্যবস্থা নেবে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে নতুন সরকারকে বেকায়দায় ফেলতে এসব কার্যক্রম চালাচ্ছে। আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ‘আমরা বিষয়টি অবগত রয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
-20260218192028.webp)

