নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে এক মাদকাসক্ত জামাতার নেতৃত্বে শ্বশুরবাড়িতে দফায় দফায় হামলা, লুটপাট ও বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এতে একই পরিবারের কয়েকজন আহত হয়েছেন।
শুক্রবার (৬ মার্চ) দুপুরে ঘটনার সুষ্ঠু বিচার ও জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী সালেহা বেগম (৪০) ও তার পরিবারের সদস্যরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সালেহা বেগম বলেন, তার মেয়ে খুকি বেগমের স্বামী জয়নাল একজন চিহ্নিত মাদকাসক্ত। প্রায় এক বছর আগে জামাতার অনুরোধে তারা ২ লাখ ৬০ হাজার টাকা দিয়ে একটি মোটরসাইকেল কিনে দেন। কিন্তু মাদক সেবনের টাকার জন্য জয়নাল সম্প্রতি মোটরসাইকেলটি মাত্র ৬০ হাজার টাকায় স্থানীয় এক ব্যক্তির কাছে বন্ধক রাখেন।
তিনি জানান, গত ৫ মার্চ বিকেলে তালতলা বাজারে মোটরসাইকেল বন্ধকের বিষয়টি নিয়ে কথা বলতে গেলে জয়নাল ক্ষিপ্ত হয়ে তার স্ত্রী খুকি বেগম ও শ্যালক আব্দুল মোতালিবকে মারধর করেন। এতে তারা আহত হন।
ভুক্তভোগীদের দাবি, ওই ঘটনার জেরে একই দিন সন্ধ্যা ছয়টার দিকে জয়নাল প্রায় ২০–২১ জন সহযোগীকে নিয়ে সালেহা বেগমের ছোট ভাই সেলিমের বাড়িতে হামলা চালান। এ সময় শফিকুল নামে এক ব্যক্তি রামদা দিয়ে সেলিমকে কুপিয়ে হত্যার চেষ্টা করলে তিনি গুরুতর আহত হন। হামলাকারীরা সেলিমের মুদি দোকান থেকে প্রায় ৬০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এরপর রাত ১০টার দিকে জয়নাল ও তার সহযোগীরা আবার সালেহা বেগমের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করা হয়। এ সময় সালেহা বেগম, তার মেয়ে খুকি বেগম ও নাতনি জুই মনিকে (১৪) মারধর করা হয় এবং শ্লীলতাহানির চেষ্টা চালানো হয় বলে দাবি পরিবারের।
সালেহা বেগম বলেন, হামলাকারীরা ঘর থেকে নগদ ৫ লাখ টাকা, দুই ভরি স্বর্ণালংকার, ল্যাপটপ, এসি ও টিভিসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে নেয়। পরে জয়নাল ও শফিকুল পেট্রোল ঢেলে তাদের একতলা পাকা বসতবাড়িতে আগুন ধরিয়ে দেন। এতে ঘরের আসবাবপত্রসহ প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা সবাইকে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার জয়নাল ও শফিকুলসহ ২১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৫–২০ জনকে আসামি করে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিবুল্লাহ বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন