ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বেশি তেল না দেওয়ায় ফিলিং স্টেশনের ম্যানেজারসহ ৫ জনকে মারধর

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ০৩:৪৮ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্ধারিত পরিমাণের বেশি তেল না দেওয়ায় ফিলিং স্টেশনের ম্যানেজারসহ ৫ জনকে মারধরের ঘটনা ঘটেছে। এমনকি জোরপূর্বক মোটরসাইকেলে তেল ভরে টাকা না দেওয়ার অভিযোগও উঠেছে। এ ঘটনায় ফিলিং স্টেশনটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় রূপগঞ্জের এশিয়ান হাইওয়ে সড়কের কুশাবো এলাকায় পূর্বাচল মডেল ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। পরে শনিবার বেলা ১১টার দিকে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বন্ধ থাকা ফিলিং স্টেশনটি পুনরায় চালু করা হয়।

পূর্বাচল মডেল ফিলিং স্টেশনের ম্যানেজার শাহীন জানান, ‘সরকারি নিয়ম অনুযায়ী তারা মোটরসাইকেল ও প্রাইভেটকারে অকটেন সরবরাহ করে আসছেন। শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাসুদুর রহমানের সহযোগী, গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রদল নেতা আরমানের নেতৃত্বে ১০-১২টি মোটরসাইকেলে করে ১৫-১৬ জন যুবক ফিলিং স্টেশনে এসে নিয়ম ভেঙে তাদের চাহিদামতো অকটেন দিতে বলেন। কর্তৃপক্ষ এতে অপারগতা প্রকাশ করলে আরমান ও তার সহযোগীরা উত্তেজিত হয়ে ফিলিং স্টেশনের ম্যানেজার শাহীন, ক্যাশিয়ার সাকিব, মোরশেদ, আব্দুল্লাহ ও সোহাগকে মারধর করেন। এ সময় তারা জোরপূর্বক টাকা না দিয়ে মোটরসাইকেলে অকটেন নিয়ে যান। পরে কর্তৃপক্ষ ফিলিং স্টেশনটি বন্ধ করে দেয়। এতে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চালকেরা ভোগান্তিতে পড়েন।’

পরে বিষয়টি জানতে পেরে শনিবার বেলা ১১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদ হাসান সোহান ঘটনাস্থলে গিয়ে ফিলিং স্টেশনে তেল সরবরাহ পুনরায় চালু করেন। এ ঘটনায় ফিলিং স্টেশন কর্তৃপক্ষ রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদ হাসান সোহান বলেন, ‘ফিলিং স্টেশন বন্ধ থাকার খবর পেয়ে ঘটনাস্থলে এসে সেটি পুনরায় চালু করা হয়েছে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করবে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া প্রতিটি পাম্পে নজরদারি রাখা হয়েছে। তেল সরবরাহে কোনো সমস্যা হচ্ছে কি না, তা দেখা হচ্ছে। কোনো পাম্পে তেল না থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’