ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ০৯:০৬ এএম
ছবি : রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মাসুম মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সোমবার (৩০ মার্চ) বিকেলে রূপগঞ্জ উপজেলার ভোলাবো ইউনিয়নের টাওরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাসুম মিয়া টাওরা পশ্চিমপাড়া এলাকার নুর মোহাম্মদের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, টাওরা পশ্চিমপাড়ার মাসুম মিয়া ও ভোলাবো এলাকার রাজু সৌদি আরবে অবস্থানকালে আর্থিক লেনদেন নিয়ে বিরোধে জড়ান। মাসুমের কাছে রাজুর কিছু টাকা পাওনা ছিল।

পরে দুজনই দেশে ফিরে এলে বিষয়টি নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশি বৈঠকে মাসুমকে ঈদের দুই সপ্তাহ পর রাজুকে ৮ হাজার টাকা পরিশোধের সিদ্ধান্ত দেওয়া হয়।

এরই জের ধরে সোমবার মাসুম মিয়া মোটরসাইকেলে পাঁচদোনা থেকে নিজ বাড়ি ফেরার পথে টাওরা মধ্যপাড়া সড়কে একা পেয়ে রাজুসহ তার সহযোগী ইমরান, উজ্জ্বল ও আরও কয়েকজন তাকে এলোপাতাড়ি মারধর ও কুপিয়ে গুরুতর আহত করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।

এদিকে মাসুমের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে তার স্বজনরা ক্ষুব্ধ হয়ে কয়েকটি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

রূপগঞ্জ থানার ওসি সবুজেল হোসেন বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।