নারায়ণগঞ্জে বিএসটিআই লাইসেন্স ছাড়া ভোজ্যতেল মোড়কজাত ও বাজারজাত করার অপরাধে একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শমিত রাজার নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। নিরাপদ খাদ্য আইন অমান্য করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রক্রিয়াজাত করার দায়ে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সমন্বয়ে একটি যৌথ দল নারায়ণগঞ্জের ওই তেল মোড়কজাতকারী কারখানায় অভিযান চালায়। পরিদর্শনকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি কোনো ধরনের বৈধ নিবন্ধন বা লাইসেন্স ছাড়াই বছরের পর বছর ভোজ্যতেল বোতলজাত ও সংরক্ষণ করে আসছিল। এমনকি তাদের প্যাকেজিং কার্যক্রমও ছিল অত্যন্ত অপরিচ্ছন্ন ও জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ।
অভিযান চলাকালে কারখানা কর্তৃপক্ষ বৈধ কোনো কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় প্রতিষ্ঠানের মালিক মহিন ভূঁইয়াকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ধারায় দোষী সাব্যস্ত করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে তাৎক্ষণিকভাবে ২ লাখ টাকা জরিমানা করেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি নগদ অর্থ পরিশোধের মাধ্যমে জরিমানার দায়মুক্ত হন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শমিত রাজা বলেন, ‘মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা কোনোভাবেই সহ্য করা হবে না। নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে জেলা প্রশাসনের এ ধরনের কঠোর নজরদারি ও অভিযান নিয়মিত চলবে।’
তিনি আরও জানান, ‘লাইসেন্সবিহীন সব অবৈধ কারখানাকে আইনের আওতায় আনতে প্রশাসনের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।’



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন