ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিয়ে বাড়িতে খাবার দিতে দেরি হওয়ায় ভয়াবহ সংঘর্ষ

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ২, ২০২৬, ০৭:৫৩ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিয়ে বাড়িতে খাবার দিতে দেরি হওয়াকে কেন্দ্র করে বর ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার লস্করদী সরকারবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার লস্করদী মধ্যপাড়া গ্রামের শহিদুল্লাহর মেয়ে লামিয়ার সঙ্গে একই উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ডহর মারুয়াদী গ্রামের হাছেন আলীর ছেলে আল আমিনের বিয়ে অনুষ্ঠিত হয়। বিয়ের অনুষ্ঠানে বরপক্ষ আসার পর খাবারের সংকট দেখা দেয়। এ নিয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে মারামারি শুরু হয়। এতে নারী-শিশুসহ অন্তত ১৫ জনকে চেয়ার, বাঁশ ও কাঁচের প্লেট দিয়ে আঘাত করে আহত করা হয়।

কনেপক্ষের অভিযোগ, বরপক্ষ অতিরিক্ত লোকজন নিয়ে আসায় এ সংকট তৈরি হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়ে একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি আলাউদ্দিন জানান, বরপক্ষের মকবুল হোসেন নামে একজন থানায় লিখিত অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।