রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে অভিযান চালিয়ে অস্ত্র মামলার পলাতক আসামি, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম মিয়াকে গ্রেপ্তারের জেরে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা ওসিসহ ৭ পুলিশ সদস্যকে মারধর করে পুলিশের ব্যবহৃত একটি ওয়াকিটকি, দুটি মোবাইল ফোনসহ আসামি শামীমকে ছিনিয়ে নেয়।
মঙ্গলবার (৫ মে) ভোরে এ ঘটনা ঘটে। এ ঘটনার জেরে সকালে পুলিশ, র্যাব, বিজিবি ও গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত পলাতক আসামি শামীম মিয়ার স্ত্রীসহ ১২ জনকে গ্রেপ্তার করে।
জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, গত রাত সাড়ে ৩টার দিকে অস্ত্র মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি শামীম মিয়াকে গ্রেপ্তারে রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে অভিযান চালায় রূপগঞ্জ থানা পুলিশ। এ সময় নিজ ঘরের ভেতর থেকে শামীমকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি জানাজানি হলে শামীমের লোকজন পুলিশ সদস্যদের ঘেরাও করে অবরুদ্ধ করে রাখে। একপর্যায়ে তারা উত্তেজিত হয়ে পুলিশের ওপর চড়াও হয় এবং মারধর করে পুলিশের ব্যবহৃত একটি ওয়াকিটকি, দুটি মোবাইল ফোনসহ আটক আসামি শামীমকে ছিনিয়ে নেয়।
পরে সকালে পুলিশ, র্যাব ও বিজিবি যৌথ অভিযান চালিয়ে শামীমের স্ত্রীসহ ঘটনায় সম্পৃক্ত ১২ জনকে গ্রেপ্তার করে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেখানে থমথমে পরিবেশ বিরাজ করছে।
এ ঘটনায় রূপগঞ্জ থানায় পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা প্রদান এবং সরকারি মালামাল ক্ষয়ক্ষতির অভিযোগে ১৫ জনের নাম উল্লেখ করে আরও ২০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে।


