ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নাসীরুদ্দীন পাটোয়ারীর উপস্থিতিতে মসজিদে হট্টগোল, আহত ৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: মে ৮, ২০২৬, ০৮:০৯ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের মাসদাইর গোরস্তান এলাকার সিটি মসজিদে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর আগমনকে কেন্দ্র করে ধাক্কাধাক্কি ও হট্টগোলের ঘটনা ঘটেছে। এ সময় মসজিদের দরজার গ্লাস ভেঙে অন্তত পাঁচ মুসল্লি আহত হয়েছেন।

শুক্রবার (৮ মে) জুমার নামাজ শেষে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর কবরস্থান সিটি মসজিদে এ ঘটনা ঘটে। তবে আহত মুসল্লিদের নাম জানা যায়নি।

মসজিদের মুসল্লি ও স্থানীয় সূত্রে জানা গেছে, জুমার বয়ান চলাকালে নাসীরুদ্দীন পাটোয়ারী মসজিদে উপস্থিত হন। এ সময় তার সঙ্গে অনেক নেতাকর্মীও মসজিদে প্রবেশ করেন।

তবে তার আগমনকে কেন্দ্র করে মসজিদের ভেতরে কিছু নেতাকর্মী স্লোগান দিতে শুরু করলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এতে মুসল্লিদের ইবাদতে বিঘ্ন ঘটে। এছাড়া ধাক্কাধাক্কির একপর্যায়ে মসজিদের দরজার গ্লাস ভেঙে যায়। ভাঙা গ্লাসে কয়েকজন মুসল্লির হাত-পা কেটে যায়।

মুসল্লি আলমাস মিয়া বলেন, এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারী মসজিদে এলে তার সঙ্গে অনেক লোকজন আসে। এতে মসজিদের ভেতরে হইচই, ধাক্কাধাক্কি ও স্লোগানের কারণে স্বাভাবিক পরিবেশ নষ্ট হয়। মুসল্লিদের নামাজ আদায় করতে কষ্ট হয়েছে। সবশেষে ধাক্কাধাক্কিতে মসজিদের দরজার গ্লাস ভেঙে যায়। সেই কাঁচে অনেকের হাত-পা কেটে গেছে।

এর আগে জুমার নামাজের খুতবার আগে মসজিদে বক্তব্য দেন নাসীরুদ্দীন পাটোয়ারী। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি জয়ী হয়েছে। এটা একটি গেরুয়া পতাকা। এই গেরুয়া পতাকা বাংলাদেশের কাছেও এসে গেছে। মুসলমানরা যদি সজাগ না থাকে, যদি ইমানি শক্তি না থাকে, তাহলে কিন্তু এই পতাকা আমরা ঠেকাতে পারব না।

তিনি আরও বলেন, গত ১৫ বছরে অনেক আলেমের ওপর নির্যাতন হয়েছে। অনেক মানুষ কষ্টে ছিল। আমরা সবাই যদি একটি কাঠামো তৈরি করতে পারি, তাহলে আমাদের বাংলাদেশ নতুনভাবে পরিবর্তন হবে।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করে এনসিপির নারায়ণগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান বলেন, মসজিদের গেটে মানুষের চাপে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তবে শুরু থেকেই মসজিদের ভেতরের চাপ কমানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু উপচে পড়া ভিড়ের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, মসজিদ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার নির্দেশনা দেওয়া হয়েছে। ভেঙে যাওয়া গ্লাস পুনঃস্থাপন করা হবে বলেও জানান তিনি।