নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি লোহার পাইপ গান ও একটি কার্তুজের খোসাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক।
পুলিশ জানায়, গত সোমবার (১১ মে) রাতে সিদ্ধিরগঞ্জের মদিনাবাগ এলাকায় রাকিব প্রধানের বাড়ির পাশের তিন রাস্তার মোড়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সন্দেহভাজন এক যুবককে আটক করে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে একটি দেশীয় তৈরি লোহার পাইপ গান ও একটি কার্তুজের খোসা উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি হলেন- সিদ্ধিরগঞ্জের গোদনাইল ২নং ঢাকেশ্বরী চেয়ারম্যান অফিস এলাকার মৃত কামাল হোসেনের ছেলে মো. মুরাদ (৩০)।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।


