× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মে ১৩, ২০২৬, ০৪:২২ পিএম

সোনারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ১২

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মে ১৩, ২০২৬, ০৪:২২ পিএম

জেরা মেঘনাঘাট পাওয়ার লিমিটেড। ছবি : রূপালী বাংলাদেশ

জেরা মেঘনাঘাট পাওয়ার লিমিটেড। ছবি : রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জেরা মেঘনাঘাট পাওয়ার লিমিটেডে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন দগ্ধ হয়েছেন।

বুধবার (১৩ মে) দুপুর ১টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনাঘাট এলাকায় অবস্থিত ওই বিদ্যুৎকেন্দ্রে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন, মনির হোসেন (৪৫), আল আমিন (৪০), নাজমুল শেখ (৪০), সাইফুল ইসলাম (৩০), রামিজুল (৪৫), আমির (২৫), শঙ্কর (২৫), কাউসার (৩০), তুহিন শেখ (৩০), ওসমান গনি (৩০), সুপ্রভাত ঘোষ (৪২) ও বদরুল হায়দার (৫০)। এ ছাড়াও আরও ১০ কর্মী আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার।

প্রত্যক্ষদর্শী ও আহতদের সহকর্মীরা জানান, দুপুরে কর্মকর্তা-কর্মচারীরা ক্যান্টিনে খাবার খাচ্ছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে ক্যান্টিনে থাকা কয়েকজনের হাত, মুখ ও শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়। পরে দ্রুত তাদের উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়।

ঘটনার পর তথ্য সংগ্রহ করতে দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে বাধার মুখে পড়েন বলে অভিযোগ উঠেছে। প্রবেশ গেইটে থাকা নিরাপত্তাকর্মীরা সাংবাদিকদের ভেতরে প্রবেশে বাধা দেন।

এ সময় এক নিরাপত্তাকর্মী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, কর্তৃপক্ষের নির্দেশ আছে, কোনো সাংবাদিক ভেতরে প্রবেশ করতে পারবেন না। আপনারা যা খুশি করতে পারেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দুপুরে ১২ জন দগ্ধ রোগী হাসপাতালে এসেছেন। তাদের কার কত শতাংশ দগ্ধ হয়েছে তা পর্যবেক্ষণ করা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।

এ বিষয়ে বিদ্যুৎকেন্দ্রের সেফটি কর্মকর্তা ফখরুল ইসলাম বলেন, দগ্ধদের মধ্যে আমির, শংকর, কাওছার ও আল আমিন ক্যান্টিন বয়। বাকিরা বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারী। রান্নার কাজ শেষ হওয়ার পর অসাবধানতাবশত গ্যাসের চুলা চালু অবস্থায় ছিল। পরে কেউ আগুন ধরাতেই বিস্ফোরণের ঘটনা ঘটে।

সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার বলেন, ক্যন্টিনের ভেতরে খাবারের সময় গ্যাস লিকেজ হয়ে এ বিস্ফোরণ হয়েছে। আহতদের ঢাকা বার্ণ ইউনিটে নেওয়া হয়েছে। ঘটনাস্থল পর্যবেক্ষণ করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ও অব্যবস্থাপনার কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

Link copied!