নারায়ণগঞ্জের রূপগঞ্জে সালিশী বৈঠকে হামলা চালিয়ে কাঞ্চন পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হককে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।
সোমবার (১৮ মে) রাতে উপজেলার বিরাবো বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত শনিবার সন্ধ্যায় বিরাবো এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোজাম্মেল হকের ভাতিজা আনিতের সঙ্গে যুবদলকর্মী কাউসারের ভাগিনা আলিফের কথাকাটাকাটি হয়। এ সময় যুবদল নেতা আজিম নাইবুর নামে এক ব্যক্তিকে মারধরের ঘটনাও ঘটে। এর জেরে ওই রাতেই কাউসার ও তার সহযোগীরা অস্ত্রশস্ত্র নিয়ে ২ নম্বর ওয়ার্ড যুবদলের অফিসে হামলা ও ভাঙচুর চালায় বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনার ধারাবাহিকতায় সোমবার বিকেলে কাউসার ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে বিরাবো বাজার এলাকায় মহড়া দেয়। এ সময় মোজাম্মেল হক ও তার সমর্থকরা বাধা দিলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে বিষয়টি মীমাংসার জন্য রাতে স্থানীয় বিএনপি নেতাদের উদ্যোগে বিরাবো বাজারের একটি রেস্টুরেন্টে সালিশী বৈঠকের আয়োজন করা হয়।
অভিযোগ রয়েছে, সালিশী বৈঠকের একপর্যায়ে কাউসার ও তার লোকজন অতর্কিত হামলা চালিয়ে মোজাম্মেল হককে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। একই সময়ে এলাকায় আতঙ্ক ছড়াতে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
পরে স্থানীয়রা আহত মোজাম্মেলকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠান।
এ বিষয়ে ভোলাবো তদন্ত কেন্দ্রের এসআই ফরহাদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন