নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা, বিদেশি মদ ও নগদ টাকাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার (২৩ মে) রাতে উপজেলার তেতলাব এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে রূপগঞ্জ থানা পুলিশ।
আটককৃতরা হলেন, সুলতান (৩০), নয়ন মিয়া (২৬) ও রাজ রায়হান রাব্বি (২৪)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানার পুলিশের একটি দল তেতলাব এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকেই তিনজনকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। আটককৃতদের কাছ থেকে তল্লাশি চালিয়ে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট, এবং মাদক বিক্রির নগদ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়।
পরে আটক রাজ রায়হান রাব্বির দেওয়া তথ্যের ভিত্তিতে তেতলাব খালপাড় এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে আরও ২০ বোতল বিদেশি মদ উদ্ধার করে পুলিশ।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন জানান, গ্রেপ্তারকৃতরা চিহ্নিত মাদক কারবারি। তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে রোববার গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন