নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল চাপায় এক শিশু নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৯ মিনিটে সারাদেশের মতো রূপগঞ্জেও ভূমিকম্প অনুভূত হয়, যা মুহূর্তেই ভয় ও আতঙ্ক ছড়িয়ে দেয়।
নিহত ফাতেমা ছিলেন গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ ৫ নম্বর ক্যানেল এলাকার আব্দুল হকের কন্যা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে হঠাৎ ভূমিকম্পের সময় সড়কের পাশে থাকা দেওয়াল নবজাতক ফাতেমা, তার মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগমের ওপর ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই ফাতেমার মৃত্যু হয়। পরে তাদের দেওয়ালের নিচ থেকে উদ্ধার করা হয়। আহত মা ও প্রতিবেশীকে স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভূমিকম্পে রূপগঞ্জ থানা ভবন, কাঞ্চন চিনতলা মন্দিরের দেয়াল, গোলাকান্দাইল এলাকার একটি পোশাক কারখানা এবং অসংখ্য আবাসিক ভবনে ফাটল দেখা গেছে। হঠাৎ এই ভূমিকম্পে সাধারণ মানুষ আতঙ্কে ঘরবাড়ি থেকে ছুটে বের হয়ে আসে।
ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান বলেন, ‘ভুমিকম্পে দেওয়াল ধসের কারণে ফাতেমা নামের নবজাতক নিহত হয়েছেন। তার মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
তিনি আরও বলেন, প্রশাসন ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে কাজ করছে বলে জানা গেছে।


