নরসিংদীর ৫টি আসনের ৬৬৩টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে এবং ভোটারদের মধ্যে উৎসবমুখর আমেজ বিরাজ করছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতিও বাড়ছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল থেকেই ভোটারদের উপস্থিতি উল্লেখযোগ্য এবং সময়ের সঙ্গে তা আরও বাড়ছে।
নরসিংদী-১ (সদর) আসনের চিনিশপুর ইউনিয়নের চিনিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পরিদর্শনে দেখা গেছে, সকাল থেকেই সেখানে ভোটারদের ব্যাপক উপস্থিতি রয়েছে। উৎসবমুখর পরিবেশে ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
কেন্দ্রটিতে পুরুষ ভোটারদের জন্য চারটি এবং নারী ভোটারদের জন্য দুটি পৃথক লাইন রাখা হয়েছে। শৃঙ্খলাপূর্ণভাবে লাইনে দাঁড়িয়ে নিজ নিজ পালার অপেক্ষায় রয়েছেন ভোটাররা।
ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নির্বিঘ্নে ভোটগ্রহণ সম্পন্ন করতে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন।
সকাল থেকেই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ কার্যক্রম চলমান।
এ কেন্দ্রে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী খায়রুল কবির খোকন এবং দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. ইব্রাহীম ভূইয়া ভোট প্রদান করেছেন।
জেলা বিএনপির সভাপতি ও নরসিংদী-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী খায়রুল কবির খোকন বলেন, ‘সবকিছু ঠিকঠাক আছে, কোথাও কোনো অভিযোগ নেই। ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে, যার প্রমাণ দীর্ঘ লাইন। আমি বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। জনগণ ধানের শীষকে বিজয়ের প্রতীক হিসেবে বেছে নেবে।
দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. ইব্রাহীম ভূইয়া বলেন, ‘সকাল ৮টা পর্যন্ত ভোট উৎসবমুখর মনে হচ্ছে। দীর্ঘদিন পর মানুষ তাদের অধিকার ফিরে পেয়েছে এবং তা প্রয়োগ করছে। জয়ের ব্যাপারে আল্লাহর ওপর নির্ভরশীল—তিনি চাইলে বিজয় হবে।’


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন