ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নরসিংদীতে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৩:৪০ পিএম
ডোবা থেকে জুনায়েদের মরদেহ উদ্ধার। ছবি : রূপালী বাংলাদেশ

নরসিংদীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর জুনায়েদ মিয়া (৮) নামের শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে নরসিংদী সদর উপজেলার শীলমান্দী ইউনিয়নের বাগহাটায় বাড়ির পাশের ডোবা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জুনায়েদ উপজেলার শীলমান্দী ইউনিয়নের পশ্চিম বাগহাটা এলাকার জজ মিয়ার ছেলে। শিশু জুনায়েদ আব্দুল আজীজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় জুনায়েদ বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। পরে স্বজন ও প্রতিবেশীরা বাড়ির আশপাশসহ বিভিন্ন জায়গায় খোঁজে ও জুনায়েদের কোনো সন্ধান পায়নি। পরে এ ঘটনায় নরসিংদী মডেল থানায় সাধারণ ডায়েরি করে পরিবার। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বাড়ির পাশে ডোবায় কচুরিপানায় বস্তাবন্দি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করলে জুনায়েদের পরিবার মরদেহ হিসেবে চিহ্নিত করে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সুজন চন্দ্র সরকার বলেন, প্রাথমিকভাবে মৃত্যুর প্রকৃত কারণ এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই বিস্তারিত জানা যাবে এবং সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।