ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সদর হাসপাতালে র‍্যাবের অভিযান, ৬ দালাল আটক

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৩, ২০২৬, ১০:০৯ পিএম
ছবিঃ রূপালি বাংলাদেশ

নরসিংদী জেলা সদর হাসপাতালে অভিযান পরিচালনা করে ৬ জন দালালকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১), নরসিংদী।

সোমবার (২৩ মার্চ) সকালে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানান ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম।

আটককৃতরা হলেন- নরসিংদী পৌর শহরের দত্তপাড়া এলাকার নান্টু মিয়ার ছেলে শিবলু মিয়া (৪২), উত্তর কাউরিয়া পাড়া এলাকার সুলতান মিয়ার ছেলে আরমান (২৫), দত্তপাড়া এলাকার আলী মিয়ার ছেলে বাবু মিয়া (৩২)।

এছাড়া কাউরিয়া পাড়া এলাকার সাত্তার মিয়ার ছেলে সজিব মিয়া (৩২), পশ্চিম কান্দা এলাকার মৃত নুরুল হকের ছেলে রানা মিয়া (৪২), পূর্ব দত্তপাড়া এলাকার জগলুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম (৪৫)।

ক্যাম্প-১১-এর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম জানান, সরকারি হাসপাতালগুলোতে কোনো রকম বাধা-বিঘ্ন ছাড়াই রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং দালালদের দৌরাত্ম্য রোধ করতে র‍্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে।

এরই ধারাবাহিকতায় সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ রানার নেতৃত্বে র‍্যাব ও পুলিশের সমন্বয়ে একটি দল নরসিংদী জেলা সদর হাসপাতালে অভিযান পরিচালনা করে ৬ জন চিহ্নিত দালালকে আটক করতে সক্ষম হয়। পরে তাদের অর্থদণ্ড ও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।