ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

অব্যবস্থাপনা ও অনুমোদনহীন কার্যক্রমের অভিযোগে হাসপাতাল সিলগালা

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ০৯:২৮ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

নরসিংদীতে স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনা ও অনুমোদনহীন কার্যক্রমের অভিযোগে দুটি বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে একটি হাসপাতাল সিলগালা করা হয়েছে এবং আরেকটিকে জরিমানা করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) দুপুরে শহরের তরোয়া এলাকার নরসিংদী ল্যাবএইড জেনারেল প্রাইভেট হাসপাতাল এবং নরসিংদী ইবনে সিনা জেনারেল প্রাইভেট হাসপাতালে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানার নেতৃত্বে পরিচালিত অভিযানে বিভিন্ন অনিয়মের সত্যতা পাওয়া যায়। এ সময় প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তাসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে দেখা যায়, নরসিংদী ইবনে সিনা জেনারেল প্রাইভেট হাসপাতালটি ২০১৮ সালের পর থেকে লাইসেন্স নবায়ন করেনি। এছাড়া সেখানে ডিউটিরত চিকিৎসক, প্যাথলজিস্ট ও টেকনিশিয়ান পাওয়া যায়নি। হাসপাতালের পরিবেশও ছিল অস্বাস্থ্যকর।

এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সাত দিনের মধ্যে সব অনিয়ম দূর করে কর্তৃপক্ষকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে নরসিংদী ল্যাবএইড জেনারেল প্রাইভেট হাসপাতালে অভিযান চালিয়ে কোনো দায়িত্বশীল কর্মকর্তা বা কর্মচারীকে পাওয়া যায়নি। অভিযানের খবর পেয়ে তারা পালিয়ে যায় বলে জানায় ভ্রাম্যমাণ আদালত।

সেখানে দেখা যায়, হাসপাতালটির লাইসেন্স নবায়ন নেই এবং ল্যাব পরিচালনারও কোনো অনুমোদন নেই। অপারেশন থিয়েটার ছিল অপরিচ্ছন্ন ও অনুপযুক্ত অবস্থায়। লেবার রুমে অক্সিজেন সিলিন্ডার না থাকা এবং বেড অকেজো থাকার মতো গুরুতর অনিয়মও ধরা পড়ে।

এসব অনিয়মের কারণে হাসপাতালটি সিলগালা করে দেওয়া হয় এবং ল্যাব রুমের মালামাল জব্দ করা হয়।