মেয়ের বিয়ের জন্য ধার করা দশ হাজার টাকা মাদক সেবনে খরচের কথা জিজ্ঞাসা করায় স্বামী সুজন মিয়া (৫০) তার স্ত্রী আফিয়া আক্তার (৪৫)-কে ছুরিকাঘাতে হত্যা করেছে।
সোমবার (২৭ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে রায়পুরা উপজেলার হাইরমারা ইউনিয়নের হাইরমারা গ্রামের পালবাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতের ছেলে মনির হোসেন ও এলাকাবাসী জানায়, আফিয়া আক্তার তার মেয়ের বিয়ের জন্য বড় মেয়ের স্বামীর কাছ থেকে বিশ হাজার টাকা ধার করে আনে। এ টাকা থেকে সকলের অগোচরে সুজন মিয়া দশ হাজার টাকা খরচ করে ফেলে। বিষয়টি স্ত্রী আফিয়া আক্তার জানতে পেরে তার স্বামীকে টাকার ব্যাপারে জিজ্ঞাসা করলে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। রাত আনুমানিক সাড়ে ১১টার সময় আফিয়া আক্তারকে ঘর থেকে ডেকে বাইরে নিয়ে এসে তার হাতে থাকা ছুরি দিয়ে এলোপাথারিভাবে আঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় সুজন মিয়া। এ সময় আফিয়া আক্তারের চিৎকারে তার ছেলে মনির হোসেন আশপাশের লোকজনের সহযোগিতায় তার মাকে নরসিংদী সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
রায়পুরা থানার ওসি মো. মজিবুর রহমান জানান, ঘাতক সুজনকে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।

