নরসিংদীর বেলাব উপজেলার ৪৬ নম্বর পোড়াদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকার্নু মিয়ার বিরুদ্ধে কোনো পূর্বঘোষণা বা নোটিশ ছাড়াই বিদ্যালয় ছুটি ঘোষণা করার অভিযোগ উঠেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (১৮ জুলাই) ছুটির দিনে ওই বিদ্যালয়সহ উপজেলার কয়েকটি বিদ্যালয়ের প্রায় ৩০০ শিক্ষার্থীকে নিয়ে প্রধান শিক্ষক সুকার্নু মিয়া এবং বেলাব উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. জামাল উদ্দিন কিশোরগঞ্জের ইটনা-মিঠামইনে পিকনিকে যান। দিন শেষে তারা বাড়ি ফিরে আসেন।
পরদিন রোববার (১৯ জুলাই) সকালে পোড়াদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা যথারীতি ক্লাস করতে বিদ্যালয়ে এলে প্রধান শিক্ষক তাদের জানান, সেদিন কোনো ক্লাস হবে না। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘গতকাল পিকনিক করে এসে তোমরা ক্লান্ত। আজ বাড়ি গিয়ে বিশ্রাম করো।’ এরপর শিক্ষার্থীরা ক্লাস না করেই বাড়ি ফিরে যায়।
খোঁজ নিয়ে জানা গেছে, একই পিকনিকে অংশ নেওয়া উপজেলার অন্যান্য বিদ্যালয়ের শিক্ষার্থীরা সেদিন নিয়মিত ক্লাসে অংশ নেয়। শুধু পোড়াদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়েই কোনো পূর্বঘোষণা ছাড়াই ছুটি ঘোষণা করা হয়। বিষয়টি নিয়ে স্থানীয় অভিভাবক ও সচেতন মহলে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
ঘটনার বিষয়ে জানতে বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষক সুকার্নু মিয়াকে পাওয়া যায়নি। পরে একাধিকবার তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
একই প্রাঙ্গণে অবস্থিত পোড়াদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানান, সকালে এসে তারা দেখেছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয় বন্ধ থাকায় বাড়ি ফিরে যাচ্ছে। তাদের মতে, এ ধরনের সিদ্ধান্ত শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতি করে।
বেলাব উপজেলা শিক্ষা কর্মকর্তা এ কে এম ফজলুল হক বলেন, বিষয়টি আমার জানা ছিল না। এমনটি হয়ে থাকলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ধরনের সিদ্ধান্তের আগে অবশ্যই পূর্ব নোটিশ দেওয়া উচিত ছিল।
বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লাতুল হোসেন বলেন, কোনো প্রধান শিক্ষক পূর্বঘোষণা বা যথাযথ অনুমোদন ছাড়া বিদ্যালয় ছুটি ঘোষণা করতে পারেন না। প্রয়োজনে সংরক্ষিত ছুটির বিধান অনুসরণ করা যেত। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের দাবি, ঘটনাটির নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হোক।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন