বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর-২ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘১২ ফেব্রুয়ারি আব্দুল আজিজকে ব্যালটের মাধ্যমে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিপক্ষের অপশক্তিকে শিক্ষা দিতে চাই। ৫ আগস্টের আগে যা হয়েছে, আমরা তার পুনরাবৃত্তি করব না।’
তিনি আরও বলেন, ‘বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ডে বিশ্বাস করে না, ক্ষমতায় গেলেও করবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সর্বোচ্চ সম্মানের সঙ্গে দুনিয়া থেকে বিদায় নিলেও ফ্যাসিস্ট হাসিনা দলের নেতাকর্মীদের বিপদে ফেলে রেখে ভারতে পালিয়েছেন।’
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে গুরুদাসপুর সরকারি পাইলট হাইস্কুল মাঠে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের বিএনপি প্রার্থী আব্দুল আজিজের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু আরও বলেন, ‘ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার প্রকাশ্যে বড়াইগ্রামের জনপ্রিয় বিএনপি নেতা সানাউল্লাহ নুর বাবু, গুরুদাসপুরের যুবদল নেতা মবিদুল ইসলামকে নৃশংসভাবে হত্যা করেছে। বিএনপি নেতা মশিউর রহমান বাবলুর ছেলের বিয়ের অনুষ্ঠান পণ্ড করে দিয়েছে। ধানের শীষের বর্তমান প্রার্থী আব্দুল আজিজকেও হত্যার উদ্দেশ্যে আক্রমণ করা হয়েছিল।’
অনুষ্ঠানের প্রধান বক্তা বিএনপির প্রার্থী আব্দুল আজিজ বলেন, ‘তামাক যেমন জীবননাশের কারণ, জামায়াতও তেমনি ইমান নষ্টের কারণ। তাই নিরঙ্কুশ ভোটে বিজয়ী হয়ে আমরা একাত্তরের অপশক্তিকে বুঝিয়ে দিতে চাই— ধানের শীষের জনপ্রিয়তার বিকল্প নেই।’
নির্বাচনি জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ওমর আলী শেখ। এ সময় বিএনপি নেতা মশিউর রহমান বাবলু, আমজাদ হোসেন, সুফি মো. আবু সাঈদ, দুলাল সরকার, অধ্যক্ষ আশরাফ আলী, সাবেক পৌর মেয়র ইসাহক আলী, মোহাম্মাদ আলী, ছাত্রদল নেতা মাসুদ রানা প্রমুখ বক্তব্য রাখেন।


