নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফারজানা শারমিন পুতুল বলেছেন, নতুন বাংলাদেশ গড়ার পথে, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখার পথে যারা স্পিড ব্রেকার হয়ে দাঁড়াবে তাদের বাংলাদেশের মানুষ ক্ষমা করবে না। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে হিন্দু-মুসলিম কোনো ভেদাভেদ থাকবে না। ‘সংখ্যালঘু’ বলে কোনো শব্দ থাকবে না—প্রত্যেকের পরিচয় হবে বাংলাদেশি হিসেবে।
সোমবার (২ জানুয়ারি) লালপুর উপজেলার কলসনগর কলেজ মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফারজানা শারমিন পুতুল বলেন, একটি রাষ্ট্র ও একটি সরকার জনগণের জন্য নাগরিকদের যত ধরনের অধিকার দিতে পারে, বিএনপি তার সবগুলো অধিকার নিশ্চিত করবে। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে কোনো দল বা আদর্শ দেখে চাকরি দেওয়া হবে না। প্রতিটি পরিবারের ছেলে-মেয়েরা যোগ্যতা অনুযায়ী চাকরি পাবে।
তিনি আরও বলেন, লালপুর-বাগাতিপাড়ায় ধানের শীষের জোয়ার ঠেকানোর জন্য যারা চেষ্টা করছেন, দুঃখের বিষয় তারা এতদিন ধানের শীষের ছায়াতলেই ছিলেন। দলের সঙ্গে যারা বেইমানি করছে, আয়নার সামনে দাঁড়িয়ে তারা নিজেদের বিবেকের কাছে জবাব দিতে পারবেন না।
নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, নারীকে নিয়ে লালপুর–বাগাতিপাড়ায় যে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া হয়েছে, ভবিষ্যতে এ ধরনের মন্তব্য যদি কাউকে নিয়ে করা হয়, জনগণ তা কখনো ক্ষমা করবে না।
দেড় দশকে বিএনপির প্রস্তুতির কথা উল্লেখ করে পুতুল বলেন, দীর্ঘ ১৫-১৬ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য কাজ করেছে। দেশের অর্থনৈতিক ভঙ্গুর অবস্থায় কোন কোন কাজ করা যায়, তা নিয়ে গবেষণা করে আমরা ৩১ দফা নিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়েছি। মানুষকে বলেছি, যেদিন বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে, ঠিক তার পরদিন থেকেই এই ৩১ দফা বাস্তবায়নের কাজে নামবে।
এ সময় উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনুর রশীদ পাপ্পুসহ অন্যান্য নেতৃবৃন্দ।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন