ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০১:৪০ পিএম
লালপুর থানা। ছবি : সংগৃহীত

নাটোরের লালপুরে রাজনৈতিক বিরোধের জেরে বিএনপি প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) উপজেলার ওয়ালিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনি বিষয় নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর সমর্থকেরা বিএনপি প্রার্থী ফারজানা শারমিন পুতুলের দুই কর্মীকে মারধর করেন।

পরে খবর পেয়ে বিএনপির সমর্থকেরা ঘটনাস্থলে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় টিপুর ৮ সমর্থক আহত হন এবং দুজনকে অবরুদ্ধ করে রাখা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরুদ্ধ ব্যক্তিদের উদ্ধার করে থানা হেফাজতে নেয়। আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে লালপুর থানার ওসি মজিবর রহমান বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে থানায় আনা হয়েছে। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।