নেত্রকোনা-৩ আসনের কেন্দুয়া-আটপাড়া এলাকায় বিএনপির ধানের শীষ ও স্বতন্ত্র প্রার্থী ঘোড়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। গুরুতর আহত দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে উপজেলার গড়াডোবা ইউনিয়নের গারাউন্দ গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন গড়াডোবা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম ও ইউনিয়ন কৃষক দলের সদস্য মোনতাজ মিয়া। উভয়ের বাড়ি একই ইউনিয়নের দেওপাড়া গ্রামে এবং তারা বিএনপির ধানের শীষ প্রার্থীর সমর্থক।
স্থানীয়রা জানান, দুটি গ্রাম পাশাপাশি অবস্থান করায় নির্বাচনের তপশিল ঘোষণার পর থেকেই রাতের সময়ে নির্বাচন নিয়ে আলোচনার সময় হালিম ও ঘোড়া প্রতীকের অনুসারি আলমগীর মিয়ার মধ্যে তর্ক হয়। এর জেরে উভয় পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষে আহতদের মধ্যে বাকিরা স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
কেন্দুয়া থানার ওসি মোহাম্মদ মেহেদী মাকসুদ বলেন, ঘটনাস্থলে রাতেই পুলিশ ও সেনা সদস্য পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখনো কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি।


